কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চড়া দামে ডিজেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগেও জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুদ রোধে সকাল ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। অভিযানে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারে চড়া দামে ডিজেল বিক্রির দায়ে বুলবুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে মিজান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও সড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। তিনি জানান, জনস্বার্থে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
