কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ সংযোজন। হাসপাতালের ইনডোরে ভর্তি রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে প্যাথলজি ল্যাবরেটরি ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রাতের যেকোনো সময় রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।
এর আগে হাসপাতালের ব্লাড ব্যাংক ২৪ ঘণ্টা চালু থাকলেও, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলামের নির্দেশনায় এখন থেকে প্যাথলজি ল্যাবরেটরিও ব্লাড ব্যাংকের পাশাপাশি সার্বক্ষণিক খোলা থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি ও রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম)। তিনি জানান, খুব শীঘ্রই হাসপাতালে বন্ধ থাকা Beacman Coulter (USA) মেশিনটি চালু করা হবে। এ মেশিনের মাধ্যমে নতুন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা সংযোজন সম্ভব হবে এবং ঘণ্টায় প্রায় ৮০০টি টেস্টের রিপোর্ট প্রদান করা যাবে।
হাসপাতালের সামগ্রিক সক্ষমতা জনসমক্ষে তুলে ধরা এবং দালাল ও প্রতারক চক্রের হাত থেকে অসহায় রোগীদের সুরক্ষায় রাখতে সেবার এই পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
