ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর এলাকার বাসিন্দা আল-আমিন হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করেছেন আদালত। আসামিরা সবাই উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের এক পরিবারের সদস্য।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) ও জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।
আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল-আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিচারক হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এছাড়া আসামি জসিম উদ্দিন ভিকটিম নুরজাহানকে হত্যাচেষ্টায় আঘাত করায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আসামি জসিমের বিরুদ্ধে ৩২৪ ধারা প্রমাণিত হওয়ায় এক বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আ. রশিদ, রিয়াদ ও হুরেনার বিরুদ্ধে ৩২৩ ধারা প্রমাণিত হওয়ায় এক বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সব দণ্ড একসঙ্গে চলবে বলেও জানান বিচারক ফারহানা ফেরদৌস।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আসামিপক্ষে এই মামলাটি পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আবুল কালাম।
