সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগুয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা শাখার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতাকর্মী।
কর্মসূচিতে নেতারা জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত হ্যাঁ ভোটের রায়, সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান।
