কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়ায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে শুরু হচ্ছে ২০০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। তিন দিনব্যাপী এই মেলা ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় মেলা পরিচালনা কমিটি।
মেলা পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন মেলার উদ্বোধন করবেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা সহ নানা গ্রামীণ বিনোদনের আয়োজন থাকবে। পাশাপাশি কাঠ ও বেতশিল্পসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান বসবে।
মেলা পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম জানান, বৈশাখী মেলার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলের উদ্বোধনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল থেকেই মেলা শুরু হলেও এরই মধ্যে দোকানপাট বসতে শুরু করেছে। মেলায় আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
