কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের নগুয়া এলাকায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে অনার্সে অধ্যয়নরত বাছাইকৃত জনশক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জনশক্তিদের গঠনমূলক ও সুন্দর ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, একজন ছাত্রশিবির কর্মীকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং নিজের আচরণ ও কর্মের মাধ্যমে ছাত্রসমাজের কাছে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। পাশাপাশি নিজে সৎকর্মে এগিয়ে যাওয়া এবং অন্যদেরও সৎকাজে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মানসিকতা গড়ে তুলতে হবে। এছাড়া যারা ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন।
জেলা ছাত্রশিবিরের সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু আহমদ, এইচআরডি সম্পাদক ঈসা মিয়া এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ এমদাদুল হক।
