Kishoreganj Press

বাজিতপুরে ছাত্রশক্তির আহবায়কের ওপর হামলার অভিযোগ

​কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় ছাত্রশক্তির উপজেলা শাখার আহ্বায়ক ফাহাদ বিন মাহির ওপর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতির নেতৃত্বে হামলার অভিযোগ ওঠেছে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় অভিযোগ করে ​এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রশক্তি। তবে অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।বুধবার (১ জুলাই) কিশোরগঞ্জে আয়োজিত ​সংবাদ সম্মেলনে জেলা ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, জুলাই মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে দিনটির শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিকেল ৫টায় বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় উপজেলা ছাত্রশক্তির একটি পূর্বনির্ধারিত আলোচনা সভা হওয়ার কথা ছিল। ওই সভায় অংশ নিতে সংগঠনের আহ্বায়ক ফাহাদ বিন মাহি নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন।​নেতাদের দাবি, মাহিকে একা পেয়ে পূর্ব থেকে ওঁত পেতে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতির নেতৃত্বে ৫-৭ জন তার ওপর অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ছাত্রশক্তির আশঙ্কা, মাহিকে গুরুতর জখম করা, এমনকি প্রাণনাশের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।​সংগঠনটির নেতারা মনে করেন, এই হামলা কেবল একজন ছাত্রনেতার ওপর নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের ওপর একটি নগ্ন আঘাত। রাজনৈতিক মতাদর্শকে সন্ত্রাস ও ভয়ভীতি দিয়ে দমন করার চেষ্টা কখনো গণতান্ত্রিক ভাষা হতে পারে না।​কিশোরগঞ্জ জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাব্বিরুল হক তন্ময় বলেন, আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই এই বিচারহীনতা মেনে নেওয়া হবে না।এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি বলেন, বিষয়টি আমি প্রশাসনের মাধ্যমে জেনেছি। পরে ফেসবুকে দেখেছি আমার নামে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন পোস্ট করা হচ্ছে। ভিকটিম হিসেবে যাকে দাবি করা হচ্ছে, তাকে আমি আগে থেকে চিনিই না।​তিনি আরও জানান, ছাত্রশক্তির সংবাদ সম্মেলনের বিষয়টি তিনি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করতে একটি পাল্টা সংবাদ সম্মেলন করবেন।এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমরা ঘটনার খবর পেয়েছি। আমি নিজে হাসপাতালে গিয়ে আহত ছাত্রনেতাকে দেখে এসেছি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।​​

বাজিতপুরে ছাত্রশক্তির আহবায়কের ওপর হামলার অভিযোগ