Kishoreganj Press

খেলাধুলা

কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি এসপি মিজানুর রহমান

'খেলাধুলাই হোক মাদক প্রতিরোধের প্রধান হাতিয়ার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের ২০২৬-২০২৯ মেয়াদের চার বছর মেয়াদি প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।নবগঠিত কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন রেফারি শুধু মাঠের খেলা পরিচালনা করেন না, তিনি শৃঙ্খলারও প্রতীক। তাই ফুটবলের মানোন্নয়ন, রেফারি উন্নয়ন এবং তৃণমূল থেকে দক্ষ রেফারি তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হাফিজ উদ্দিন ও শাওন ফারুক, সাধারণ সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল, যুগ্ম সম্পাদক রিপন হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ এবং দপ্তর সম্পাদক মাহবুব রহমান বিপন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জেলার বিভিন্ন ক্রীড়াপ্রেমী ও সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।নবগঠিত কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান রেফারি নির্বাচন, আধুনিক ফুটবল আইন ও নিয়মাবলির ওপর নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং দক্ষ ও নিরপেক্ষ রেফারি তৈরির মাধ্যমে জেলার ফুটবলের মানোন্নয়ন। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার উদ্যোগও নেওয়া হবে। জেলার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন ফুটবলের উন্নয়ন, রেফারি তৈরির কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি এসপি মিজানুর রহমান