আলোচনা ও প্রামান্য চিত্রে শাপলা চত্বর স্মরণ, কিশোরগঞ্জে উঠল বিচারের দাবকিশোরগঞ্জে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা ওই ঘটনার বিচার দাবি জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঘটনাটি তুলে ধরার আহ্বান জানান।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদির হাসেমী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার ইউনিট সেক্রেটারি আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান মামুন, ছাত্র মজলিসের সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে সত্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
