Kishoreganj Press

প্রতিমন্ত্রীর উদ্যোগে হচ্ছে আরও বড় ৩ প্রকল্প

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলমের উদ্যোগে তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাঠানো পৃথক তিনটি চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।প্রথম প্রকল্পের আওতায় ভৈরব ও কুলিয়ারচর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত কালী নদীর ড্রেজিং ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী তার আবেদনে উল্লেখ করেন, নদী ও প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার স্থানীয় কৃষি, পরিবেশ এবং নৌ-যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।দ্বিতীয় প্রকল্প হিসেবে ভৈরব ও কুলিয়ারচরের বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বাস্তবায়িত হলে শিক্ষা থেকে বঞ্চিত এলাকার শিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।এছাড়া তৃতীয় প্রকল্পের আওতায় ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কার, নির্মাণ ও পুনর্নির্মাণ কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যায় থাকা বিদ্যালয়গুলো আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।এমএআই

প্রতিমন্ত্রীর উদ্যোগে হচ্ছে আরও বড় ৩ প্রকল্প