পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে মোঃ জুবায়ের (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ মে) রাতে কোদালিয়া চৌরাস্তা থেকে হোসেনপুর সড়কের শৈলজানী কালভার্টের ওপর এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জুবায়ের উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাফ উদ্দিনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের পোল্ট্রি ব্যবসার পাশাপাশি বিভিন্ন দোকানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শুক্রবারও তিনি বাজারে কাজ শেষে বাড়ির পথে রওনা দেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ওই সড়কের পাশে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় জুবায়েরকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।এ বিষয়ে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। বাজার থেকে বাড়ি ফেরার পথেই এ ঘটনা ঘটেছে। নিহত জুবায়েরের মাকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।