Kishoreganj Press

আবু বক্কর সিদ্দিক রিয়ান

আবু বক্কর সিদ্দিক রিয়ান


মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত করতে যুবকদের সাহসী উদ্যোগ, নেতৃত্বে ছাত্র নেতা রাফাই

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবসমাজ। গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছেন তারা। তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ওমর ফারুক সিদ্দিকি রাফাইয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযান এখনও চলমান রয়েছে।অভিযানের অংশ হিসেবে শুধু মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই নয়, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন যুবকেরা।স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিনের এই উদ্যোগে এলাকায় মাদকের প্রভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কলাপাড়া এলাকার বিশিষ্টজনরাও ওমর ফারুক সিদ্দিকি রাফাই ও তার সঙ্গে থাকা তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন।অভিযান সম্পর্কে ওমর ফারুক সিদ্দিকি রাফাই বলেন, "আমরা হঠাৎ করেই এই উদ্যোগ নিইনি। যারা মাদক সেবন করে এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আমরা অনেক আগেই সতর্ক করেছিলাম। আমাদের উদ্দেশ্য শুধু তাদের আইনের হাতে তুলে দেওয়া নয়, বরং তারা যেন সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়েও আমরা কাজ করছি। আমাদের একটাই লক্ষ্য, মাদকমুক্ত কলাপাড়া এবং মাদকমুক্ত মহিনন্দ ইউনিয়ন গড়ে তোলা।"এই উদ্যোগকে ঘিরে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি যুবকদের এই সামাজিক আন্দোলনের প্রশংসা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী বলেন, "মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যখন স্বতঃস্ফূর্তভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তখন একজন চেয়ারম্যান হিসেবে আমি গর্ববোধ করি। ওমর ফারুক সিদ্দিকি রাফাই ও কলাপাড়ার তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাই। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের সহযোগিতায় মহিনন্দ ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।"এলাকাবাসীর ভাষ্য, তরুণ সমাজ এভাবে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকলে সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ নির্মূল করা সম্ভব। তাদের মতে, কলাপাড়ার এই উদ্যোগ এখন পুরো মহিনন্দ ইউনিয়নের জন্য একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।

মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত করতে যুবকদের সাহসী উদ্যোগ, নেতৃত্বে ছাত্র নেতা রাফাই