ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বহির্বিশ্ব
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকলীগ থেকে শ্রমিকদল নেতা, ক্ষমতার দাপটে ডিউটি ছাড়াই আগাম স্বাক্ষরের অভিযোগ উসমান গনির বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ রেলওয়েতে সাবেক শ্রমিকলীগ নেতা ও বর্তমানে শ্রমিকদল নেতা পি-ম্যান মো. উসমান গনির বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মিত ডিউটি না করেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে তিনি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা নিশ্চিত করে বেতন উত্তোলন করছেন।

সোমবার (১১ মে) সরেজমিনে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দেখা যায়, হাজিরা খাতায় ১১ মে’র পাশাপাশি পরবর্তী দিন ১২ মে’র ঘরেও মো. উসমান গনির স্বাক্ষর রয়েছে। অর্থাৎ, একদিন আগেই তিনি পরের দিনের দায়িত্ব পালনের বিষয়টি খাতায় নিশ্চিত করে রেখেছেন।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, প্রতিদিন কর্মস্থলে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে স্বাক্ষর করার বিধান থাকলেও উসমান গনির ক্ষেত্রে তার ব্যত্যয় দেখা গেছে। স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত ডিউটি না করেই প্রভাব খাটিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করছেন।

উসমান গনি জেলা রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ছিলেন। পরে গত বছরের ২৮ এপ্রিল কেন্দ্রীয় নেতারা তাকে জেলা রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সভাপতি পদে মনোনীত করেন। এ নিয়ে সংগঠন ও অন্যান্য কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের অভিযোগ, ক্ষমতার প্রভাব দেখিয়ে উসমান গনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। এমনকি এসব আড়াল করতে হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দিয়ে রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত পি-ম্যান মো. উসমান গনির সঙ্গে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তবে একে ‘ভুল’ দাবি করে বলেন, আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করে ১২ তারিখের ঘরে আজ (১১ মে) স্বাক্ষর করে ফেলেছি। এটি কোনো উদ্দেশ্যমূলক কাজ নয়।

শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে যোগদানের বিষয়ে তিনি বলেন, ২০২৩ সালের ১৫ জুলাই শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা আমার নাম কমিটিতে দিয়েছিলেন। তবে চার দিন পরই আমি পদত্যাগ করি।

রেলওয়ের সাধারণ যাত্রী ও সচেতন মহল এ ঘটনাকে চরম দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখছেন। তাদের মতে, রেলওয়ের মতো স্পর্শকাতর সেক্টরে যেখানে নিরাপত্তা ও সময়ের গুরুত্ব সর্বাধিক, সেখানে এ ধরনের আগাম স্বাক্ষর জালিয়াতির শামিল।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, বিষয়টি আমি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।