Kishoreganj Press

জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম

বাজিতপুর প্রতিনিধি


বাজিতপুরে বৃষ্টির মধ্যেই ৪ কিলোমিটার সড়কে পিচ ঢালাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারের ছাগল মহল এলাকা থেকে আগরপুর বাজারসংলগ্ন স্টিল ব্রিজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারকাজের অংশ হিসেবে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাই করার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন চলমান এ কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (৭ জুলাই) বৃষ্টি চলাকালেই সরারচর-আগরপুর সড়কের বাজারে প্রবেশমুখে পিচ ঢালাই করা হয়। তাদের দাবি, বৃষ্টির মধ্যে এভাবে কার্পেটিং করায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।বাজিতপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সৌরভ হাসান দাবি করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃষ্টি ও পানির মধ্যে কার্পেটিংয়ের বিষয়ে কর্মরত শ্রমিকদের প্রশ্ন করলে তারা জানান, এ পরিমাণ বৃষ্টি বা পানি কোনো সমস্যা নয়। এমনকি এর চেয়েও বেশি বৃষ্টি ও পানির মধ্যেও কাজ করা সম্ভব এবং এতে কোনো সমস্যা হবে না।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভেজা সড়কের ওপর পিচ ঢালাই করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই বৃষ্টির মধ্যে এ ধরনের কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্টদের জবাবদিহি দাবি করেন।ভিডিওটির মন্তব্যের ঘরেও অনেকেই নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সড়ক সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর সংস্কারকাজ শুরু হলেও বর্তমান কাজের মান দেখে সড়কটির স্থায়িত্ব নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের দাবিও জানিয়েছেন তারা।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। তবে বৃষ্টির মধ্যে পিচ ঢালাইয়ের অভিযোগ ওঠার পর সেই স্বস্তি উদ্বেগে পরিণত হয়েছে। তারা সড়কটির নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বনি আমিনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি সমাধান হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।" তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিনি ব্যস্ততার কথা জানিয়ে অফিসে এসে বক্তব্য নেওয়ার পরামর্শ দেন। এদিকে সচেতন মহলের দাবি, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সড়কটির নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

বাজিতপুরে বৃষ্টির মধ্যেই ৪ কিলোমিটার সড়কে পিচ ঢালাইয়ের অভিযোগ