নবীনদের পদচারণায় মুখর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
এক বুক স্বপ্ন, নতুন জীবনের উচ্ছ্বাস আর অদম্য কৌতূহল নিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রেখেছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা। তাদের বরণ করে নিতে বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে পৃথকভাবে বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে স্বাগত জানানো হয়। নতুন মুখের পদচারণায় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিকতায় নবীনদের মধ্যে ছিল নতুন জীবনের স্বপ্ন ও উচ্ছ্বাস।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রাকিবুল আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সাবাব জুলফিকার শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আসমা আক্তার সুমি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং সিনিয়র শিক্ষার্থীরাও একই পথ পেরিয়ে এসেছেন। তাই তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে।তিনি বলেন, খুব শিগগিরই ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা শুরু হবে। তাই শুরু থেকেই সিলেবাস ভালোভাবে অধ্যয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং পরিবার থেকে দূরে থেকে নিজের যত্ন ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিতে হবে।গণিত বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যে বই পড়ে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই বই পড়বে। পার্থক্য তৈরি হবে স্বপ্ন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে। বিশ্ববিদ্যালয় জীবন শুধু আনন্দের নয়, নিজেকে গড়ে তোলারও সময় বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান সফল করতে হিসাববিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব, ইংরেজি বিভাগের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব, সিএসই বিভাগের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব এবং গণিত বিভাগের পাই ক্লাব স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে। ক্লাবগুলোর সদস্যরা ভেন্যু প্রস্তুত, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সফলতার গল্প নবীনদের সঙ্গে ভাগাভাগি করেন। এতে নতুন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে আত্মবিশ্বাস ও উৎসাহ সৃষ্টি হয়।হিসাববিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, “আমার বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। গ্রামের একটি কলেজ থেকে পড়াশোনা করেছি। মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতার মধ্যেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত।”উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং নবীনদের জন্য দিকনির্দেশনার মধ্য দিয়ে বিকেল ৪টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।